শেয়ার বাজার

বন্যা মোকাবিলায় সাড়ে ৪ কোটি টাকা ও ৯ হাজার টন চাল বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই ২০২৬

বন্যা মোকাবিলায় সাড়ে ৪ কোটি টাকা ও ৯ হাজার টন চাল বরাদ্দ

দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যাজনিত পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় ৭ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত সারাদেশের ৬৪ জেলার জন্য ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল মানবিক সহায়তা হিসেবে বরাদ্দ দিয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৭ জুলাই থেকে এ সহায়তা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে চট্টগ্রাম জেলা। জেলাটির জন্য চার দফায় মোট ৬৫ লাখ টাকা এবং এক হাজার ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া কক্সবাজারে মোট ৩০ লাখ টাকা ও ৪৫০ মেট্রিক টন চাল, খাগড়াছড়িতে ২০ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল, রাঙ্গামাটিতে ২৫ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল, বান্দরবানে ২০ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল, মৌলভীবাজারে ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল এবং হবিগঞ্জে ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এই সাত জেলায় মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল।

অন্যদিকে, বাকি ৫৭ জেলার প্রতিটিকে ৫ লাখ টাকা করে নগদ সহায়তা এবং ১০০ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব জেলার জন্য মোট বরাদ্দ হয়েছে ২ কোটি ৮৫ লাখ টাকা এবং ৫ হাজার ৭০০ মেট্রিক টন চাল।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি খাদ্যসহায়তা নিশ্চিত করতে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় মানবিক সহায়তা বরাদ্দ অব্যাহত থাকবে।

Dummy Ad 1

দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান, চোরাই মদসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬

দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান, চোরাই মদসহ একজন আটক

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লি থেকে ১০০ লিটার চোলাই মদসহ হারুন-অর-রশিদ (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

হারুন-অর-রশিদ ঢাকার ধামরাই উপজেলার বারবারিয়া এলাকার গেন্দু সরকারের ছেলে এবং যৌনপল্লির আইয়ুব মন্ডলের বাড়ির ভাড়াটিয়া।

সোমবার (৮ জুন) দুপুরে রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম এ তথ্য জানান।

ডিবি পুলিশ জানায়, রোববার (৭ জুন) দিনগত গভীর রাতে দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় আইয়ুব মন্ডলের বাড়ি থেকে ১০০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। একইসঙ্গে বাড়ির ভাড়াটিয়া হারুন-অর-রশিদকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়।


গ্রেফতারের ৪ দিন আগেই দেশে আসেন ডেভিড ইমন, ফের পালাতে চেয়েছিলেন ভারতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬

গ্রেফতারের ৪ দিন আগেই দেশে আসেন ডেভিড ইমন, ফের পালাতে চেয়েছিলেন ভারতে

ভারত থেকে চার দিন আগে বাংলাদেশে আসার পর আবার সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টাকালে গ্রেফতার হন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন।

বুধবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে ইমনের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। চার দিন আগে তিনি যশোর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেন। পরে পুলিশের তৎপরতার খবর পেয়ে আবার ভারতে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা এবং বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী। গত দুই বছরে চট্টগ্রামে সংঘটিত একাধিক হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, ইমনের বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের বাকলিয়ার জোড়া খুন এবং পতেঙ্গা সমুদ্রসৈকতে ঢাকাইয়া আকবর হত্যা মামলাও রয়েছে। এছাড়া তিনি একাধিক আগ্নেয়াস্ত্র ব্যবহার ও বহনে দক্ষ এবং বড় সাজ্জাদ বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ইমনের আরেক সহযোগী মোহাম্মদ রায়হানকে গ্রেফতার করতেও নোয়াখালীর সেনবাগে অভিযান চালানো হয়েছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, বড় সাজ্জাদ বাহিনীর হয়ে বর্তমানে চট্টগ্রামে অপরাধমূলক কার্যক্রম পরিচালনায় ইমন ও রায়হান নেতৃত্ব দিচ্ছিলেন। বাহিনীর সদস্যরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। বর্তমানে গ্রেফতার হওয়া ইমনকে জিজ্ঞাসাবাদ করে তার সীমান্ত পারাপার, সহযোগী নেটওয়ার্ক এবং অন্যান্য অপরাধ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।


মজুত করা ১ লাখ ৪২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬

মজুত করা ১ লাখ ৪২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ৬ লাখ টাকা জরিমানা

ভোজ্যতেলের কৃত্রিম সংকট রোধে দেশব্যাপী অভিযান চালিয়ে ১ লাখ ৪২ হাজার ১৭৩ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুত শনাক্ত করেছে র‍্যাব। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের বিভিন্ন জেলায় পরিচালিত সমন্বিত অভিযানে মোট ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব অভিযানে ১ লাখ ৪২ হাজার ১৭৩ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুত শনাক্ত করা হয়। এসময় বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব-৭ এর তত্ত্বাবধানে ফেনী জেলার রামপুরার তাকিয়া রোড এলাকায় যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা ৩০ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নরসিংদীর সদরেও অভিযান চালিয়ে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও মদিনা ট্রেডিংয়ের বিরুদ্ধে যথাক্রমে ৫ হাজার ও ২০ হাজার লিটার তেল অবৈধভাবে মজুত ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরা জেলা সদরে সাধু স্টোর ও হাজী ট্রেডার্সের মালিকদের বিরুদ্ধে অতিরিক্ত মজুত, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, লাইসেন্স না থাকা এবং বৈধ রসিদ প্রদর্শনে ব্যর্থতার অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাগেরহাটের চুলকাটি বাজারে মেসার্স রাজ স্টোরে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার ৪০০ লিটার তেল মজুতের প্রমাণ পাওয়া যায়। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মো. মঈনের গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ লিটার অবৈধভাবে মজুত তেল পাওয়া যায়। বিএসটিআই লাইসেন্স ও মান নিয়ন্ত্রণ সনদ না থাকায় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কুষ্টিয়া সদরে বাবুল পাল স্টোরে ৫ হাজার ৫৭৩ লিটার তেল মজুতের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে মৌলভীবাজারে মৌলভী ক্যাশ অ্যান্ড ক্যারিতে তেল থাকা সত্ত্বেও বিক্রি না করে মজুত রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী আরও জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভোক্তাদের ভোগান্তি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও আভিযান চলমান রয়েছে।