সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য আরও ৭০ জনকে মনোনয়ন দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. (বোয়েসেল)। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১৫০ জন কর্মী নিয়োগের অংশ হিসেবে দ্বিতীয় দফায় তাদের মনোনীত করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে অনলাইন লটারির মাধ্যমে এসব প্রার্থীকে মনোনীত করা হয়। মনোনীত প্রার্থীদের সাক্ষাৎকার আগামীকাল (১৫ নভেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
এর আগে ৪ হাজার ২৯টি আবেদন থেকে অনলাইন লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছিল। তবে নির্বাচিত অনেক প্রার্থী সাক্ষাৎকারে উপস্থিত না হওয়ায় শূন্যস্থান পূরণে নতুন করে আরো ৭০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সরকারের উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। গত ২ নভেম্বর মালয়েশিয়ার প্রতিষ্ঠানটির কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সমান সুযোগ নিশ্চিত করতে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি করে প্রাথমিক প্রার্থী নির্বাচন করা হচ্ছে। পরবর্তী সময়ে সাক্ষাৎকার, দক্ষতা ও পেশাগত যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।









