কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শেষ করতে আরও সাত কর্মদিবস সময় চেয়েছে তদন্ত কমিটি। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বিভিন্ন আলামত, প্রমাণ ও ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করছে এই কমিটি।
রোববার (১৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তদন্ত কমিটির প্রধান জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমাদের তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা ছিল। তবে তদন্তের স্বার্থে আরও সাত কর্মদিবস সময় চেয়ে আবেদন করেছি। বিভিন্ন আলামত ও প্রমাণ যাচাই করা হচ্ছে। পাশাপাশি ঘটনার যেসব ভিডিও ফুটেজ রয়েছে, সেগুলো পর্যালোচনা ও যাচাই-বাছাই চলছে। সবকিছু যাচাই-বাছাই এবং চুলচেড়া বিশ্লেষণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কমিটি গঠনের দিনই দুপুরে সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। পাশাপাশি আগুন লাগার সম্ভাব্য কারণ ও ঘটনার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন তারা।
তদন্ত কমিটির প্রধান আহমেদ মাহবুব-উল-ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
এর আগে বুধবার (১১ নভেম্বর) দিনগত রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়।
এ ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি।









