চূড়ান্তভাবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো অনশন করেছেন জামালপুরের ৫১ চাকরি প্রার্থী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তারা।
অনশনকারীরা জানান, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে জামালপুর জেলায় ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে প্রথম ধাপে ৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) আরও একজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। ফলে একই নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও ৫১ জন এখনো নিয়োগপত্র পাননি।
নিয়োগপত্র না পাওয়ায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি পালন করছেন তারা। বুধবার দ্বিতীয় দিনের মতো কর্মসূচি অব্যাহত রাখেন অনশনকারীরা।
চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত মো. সোহেল আলম বলেন, একই নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও ৫১ জনকে নিয়োগপত্র দেওয়া হয়নি। দ্রুত নিয়োগপত্র দিয়ে তাদের কর্মস্থলে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।
চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত মোছা. রেবেকা বেগম বলেন, নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও দীর্ঘদিন ধরে তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
জামালপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ বলেন, ‘৫১ জন প্রার্থীর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’








