শেয়ার বাজার

চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস পালিত, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর ২০২৬

চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস পালিত, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) (ভারপ্রাপ্ত) এ এস এম নুরুল আখতার নিলয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জোবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য ও পানিসম্পদ কর্মকর্তা মো. লতিফুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. এমদাদ উল্যাহ, যুব ফাউন্ডেশনের মহিউদ্দিন মজুমদার এবং নবণীতা যুব মহিলা ক্লাবের সাবিনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মো. এয়াছিন, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসহাক ব্যাপারী, বাতিসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, কনকাপৈত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের যুব নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের স্বাবলম্বী করা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে তাঁদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

Dummy Ad 1

ফেসবুকে অস্ত্র প্রদর্শন: কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬

ফেসবুকে অস্ত্র প্রদর্শন: কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

কুমিল্লার সদর দক্ষিণে ফেসবুকে ছড়িয়ে পড়া দেশীয় অস্ত্রসহ কিশোরদের একটি ভিডিওর সূত্র ধরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকদের মধ্যে এসবিএস এবং সিটিজি কিশোর গ্যাংয়ের সদস্য রয়েছে। শনিবার দিবাগত রাতের অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির আওতাধীন টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদে দেশীয় অস্ত্রসহ ৮ থেকে ১০ জনের একটি দলের অবস্থানের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি বিশেষ দল ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্তের চেষ্টা চালায়। পরে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র অর্জিত হয়েছে। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া ও তা রক্ষা করাই সবচেয়ে বড় কাজ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‌‘গণতন্ত্রের জন্য দেশের মানুষ বারবার সংগ্রাম করেছে, কিন্তু বিভিন্ন সময়ে সেই পথে বাধা এসেছে। এবার যে সুযোগ তৈরি হয়েছে, তা কোনোভাবেই অবহেলায় গণতন্ত্র হারানো যাবে না।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বহু ত্যাগ-তিতিক্ষা, রক্তপাত ও আমাদের সন্তানদের প্রাণের বিনিময়ে আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দীর্ঘ লড়াইয়ের পর একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে পেরেছি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি সুযোগ আমরা পেয়েছি।’

নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘এখন সরকারের সামনে বড় দায়িত্ব হচ্ছে ধ্বংসস্তূপ থেকে দেশকে আবার জাগিয়ে তোলা এবং মানুষের প্রত্যাশা পূরণ করা।’

রাষ্ট্রপতি বলেন, ‘গত ১৫-১৬ বছর দেশের ইতিহাসে একটি জটিল সময় গেছে। ওই সময়ে গণতন্ত্রের জন্য রাজনৈতিক নেতা-কর্মীদের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। অনেক মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকে আহত হয়েছেন। সেই ত্যাগের বিনিময়ে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরির সুযোগ এসেছে।’

শুধু নির্বাচন আয়োজন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হয়। সংসদকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকবে, সেটিই স্বাভাবিক। তবে সেই মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’

তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দলের প্রধান দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখা। সংসদকে কার্যকর করা, সংসদ যেন ঠিকমতো কাজ করে, সেই চেষ্টা করা এবং বিভিন্ন বিষয়ে যে দ্বিমত রয়েছে, তা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা।

আগামী দিনের রাজনৈতিক দায়িত্বের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, অতীতে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। এখন দেশের পুনর্গঠন এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য নতুন লড়াই শুরু হয়েছে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে হবে।

রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় স্বার্থে ঐকমত্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন, দেশে সরকার ও বিরোধী দল থাকবে। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকবে। কিন্তু জাতীয় স্বার্থের বিষয়গুলোতে সবাইকে একমত হয়ে সামনে এগিয়ে যেতে হবে।

সিলেটের মানুষের প্রশংসা করে তিনি বলেন, ‘এ অঞ্চলের মানুষের মধ্যে একদিকে যেমন অতিথিপরায়ণতা ও শান্তিপ্রিয়তা রয়েছে, অন্যদিকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ঐতিহ্যও রয়েছে। গণতন্ত্রের জন্য সিলেটের মানুষ অতীতেও অনেক ত্যাগ স্বীকার করেছেন।’

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এ অঞ্চলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা কাজ করছেন। এরইমধ্যে বেশ কিছু বড় প্রকল্প সামনে এসেছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিলেটের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা করেন।

তিনি বলেন, ‘আমরা যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে না পারি, আমরা যদি নিজেদের দাবি নিজেরা আদায় করে নিতে না পারি, কেউ এসে আমাদের জন্য করে দিয়ে যাবে না।’

প্রধান অতিথির বক্তব্যে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান, হাছন রাজা, রাধারমণ দত্ত, সুফি সাধক শাহ আবদুল করিম, হেমাঙ্গ বিশ্বাস ও সৈয়দ মুজতবা আলীর মতো বহু কৃতি মানুষের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জিকে গউছসহ অনেকে।


মানববন্ধনের পর হত্যা মামলার আসামিদের বাড়িঘরে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মানববন্ধনের পর হত্যা মামলার আসামিদের বাড়িঘরে হামলা-ভাঙচুর

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ভ্যানচালক মো. বাশার গাজী হত্যার ঘটনায় আসামিদের বাড়িঘরে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের সীমানা সংলগ্ন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলী বাজারে স্থানীয় এলাকাবাসী ও নিহতদের পরিবারের ব্যানারে অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী মানববন্ধন। এরপর বিক্ষুব্ধরা মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের মামুদাদপুর এলাকায় গ্রেফতার ৩ আসামি কাউসার মোল্লা, মো.শামীম শেখ ও রাজনের বাড়িঘরে কয়েক দফা হামলা ও ভাঙচুর চালান।

হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে মানববন্ধনে বক্তারা বাশার গাজী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। পরে কর্মসূচি শেষে একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের মামুদাদপুর এলাকায় প্রথমে গ্রেফতার আসামি কাউসার মোল্লার দুটি বসতঘরে ভাঙচুর চালায়। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের তৈলখিলা এলাকায় গ্রেফতার অপর দুই আসামি শামীম শেখ ও মো. রাজনের বাড়িঘরেও ভাঙচুর করা হয়।

বার্তাবেলা নিউজকে বিষয়টি নিশ্চিত করে টঙ্গীবাড়ী থানার পরিদর্শক কাজী মাসুদ রানা জানান, ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দিলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিবিআই ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর রাতে টঙ্গীবাড়ীর মামুদাদপুরে নিজ বাড়িতে অটোভ্যান চালক বাশার গাজীকে হত্যা করা হয় বলে পিবিআইয়ের তদন্তে উঠে আসে। পরে তার মরদেহ ঘরের আঁড়ার সঙ্গে ঝুলিয়ে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয় বলে জানায় পিবিআই।

এ ঘটনার পর মুন্সিগঞ্জ পিবিআইয়ের একই টিম ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে, এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে শামীম শেখ, রাজন ও কাউসার মোল্লাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের দেওয়া তথ্য অনুযায়ী চোরাই অটোভ্যান উদ্ধার করা হয়।

পিবিআই জানায়, গ্রেফতার তিন আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।