শেয়ার বাজার

পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে ১৭ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে ২০২৬

পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে ১৭ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১৬১টি ফ্লাইটে করে তাঁরা মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পৌঁছান। আজ সোমবার (১৮ ১৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, গত রোববার (১৭ মে) দিবাগত রাত তিনটা নাগাদ সৌদি আরব পৌঁছেছেন মোট ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮২টি ফ্লাইটে ৩২ হাজার ৫০৮ জন বাংলাদেশি সে দেশে পাড়ি জমিয়েছেন। এ ছাড়া সৌদি এয়ারলাইনস পরিচালিত ৫৭টি ফ্লাইটে ২১ wrist হাজার ১৬১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে আরও ৮ হাজার ৮৫৯ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন। সব মিলিয়ে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি মাধ্যমে ৫৮ হাজার ৮৪ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন।

এদিকে চলতি বছর হজ করতে সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত মোট ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। মৃতদের মধ্যে ১২ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মারা গেছেন বলে নিশ্চিত করেছে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক।

Dummy Ad 1

এবার বাংলাদেশ থেকে সরকারি ভাবে কর্মী নেবে যে দেশ, দেবে বিমান ভাড়াও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ মে, ২০২৫

এবার বাংলাদেশ থেকে সরকারি ভাবে কর্মী নেবে যে দেশ, দেবে বিমান ভাড়াও

বাংলাদেশের নারীদের জন্য এক দারুণ সুখবর! রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেল (BOESL) এর মাধ্যমে জর্ডানের খ্যাতনামা “তাস্কার অ্যাপারেল” কোম্পানিতে যোগদানের সুবর্ণ সুযোগ এসেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ৩০০ জন মহিলা পোশাককর্মী জর্ডানে কর্মজীবন শুরু করতে পারবেন।

তাস্কার অ্যাপারেল কোম্পানি, যা উন্নত কর্মপরিবেশ এবং সুযোগ-সুবিধার জন্য সুপরিচিত, নারী কর্মীদের জন্য মেশিন অপারেটর পদে এই আকর্ষণীয় চাকরির প্রস্তাব দিয়েছে। এই পদটিতে কর্মরত মহিলারা মাসিক ২১,৩১১ টাকা মূল বেতন পাবেন।

এছাড়াও, কর্মীদের জন্য রয়েছে বিনামূল্যে থাকা, তিন বেলা মানসম্মত খাবার এবং প্রয়োজনীয় চিকিৎসার সুবিধা। দূর দেশ জর্ডানে কর্মজীবন শুরু করতে কর্মীদের যেন কোনো আর্থিক চাপ না থাকে, সেজন্য কোম্পানি আসা-যাওয়ার বিমান ভাড়াও বহন করবে।

আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে এবং পোশাক শিল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষত, প্লেইন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনায় দক্ষতা থাকতে হবে। দৈনিক আট ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করার সুযোগের পাশাপাশি অতিরিক্ত কাজের জন্য ওভারটাইমেরও ব্যবস্থা রয়েছে।

প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তি করা হলেও, কর্মীদের কর্মদক্ষতা বিবেচনা করে চুক্তির মেয়াদ নবায়ন করা হতে পারে। জর্ডানের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধা ও শর্তাবলীও প্রযোজ্য হবে।

তবে, যে সকল নারীর বিরুদ্ধে বাংলাদেশ বা জর্ডানের আদালতে কোনো মামলা চলমান আছে অথবা পূর্বে জর্ডান থেকে ফেরত এসেছেন, তাদের এই পদে আবেদনের প্রয়োজন নেই। এছাড়াও, প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশের নারী শ্রমিকদের জন্য বৈদেশিক কর্মসংস্থানের একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে। যোগ্য প্রার্থীদের জন্য তাস্কার অ্যাপারেল কোম্পানিতে কাজের এই সুযোগ নিজেদের ভাগ্য বদলের একটি সেরা মাধ্যম হতে পারে।


আরব আমিরাত
রমজান মাসে কর্মীদের চাপমুক্ত রাখতে কমছে কর্মঘণ্টা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৪

রমজান মাসে কর্মীদের চাপমুক্ত রাখতে কমছে কর্মঘণ্টা!

পবিত্র রমজান মাসে বেসরকারি খাতের কর্মীদের জন্য কাজের সময় কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে কাজের সময় দুই ঘণ্টা কমানো হবে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাস উপলক্ষে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাজের ধরন অনুসারে নির্দিষ্ট সময় কমানোর বিকল্প রয়েছে। পাশাপাশি যে কাজ ঘরে বসে করা যায় সেগুলোর বিষয়ে নমনীয় হওয়ার পরিকল্পনাও তাদের আছে।

আমিরাতের বেসরকারি খাতের কর্মীরা সাধারণত দিনে আট থেকে নয় ঘণ্টা কাজ করে। রমজান মাসে এই সময় দৈনিক দুই ঘণ্টা করে কমানো হবে। কমানোর পর এই সময়সূচির বাইরে কেউ অতিরিক্ত কাজ করলে তা ওভারটাইম হিসেবে বিবেচিত হতে পারে। এর জন্য কর্মীরা অতিরিক্ত মজুরি পাবেন।

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুসারে, রমজান সম্ভবত ১২ মার্চ (মঙ্গলবার) থেকে শুরু হবে।

পবিত্র মাসে সিয়াম সাধনার পাশাপাশি ধর্মীয় সংস্কৃতি অনুশীলনে মুসলিমদের অংশগ্রহণের সুবিধার্থে কর্মঘণ্টা কমানো রোজাদার ও যারা রোজা থাকে না, উভয় কর্মীর জন্য প্রযোজ্য।

ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস (এফএএইচআর) ফেডারেল কর্তৃপক্ষের কর্মচারীদের জন্য পবিত্র রমজান মাসে অফিসিয়াল কাজের সময় নির্ধারণ করে একটি সার্কুলার জারি করেছে।


নয়াদিল্লির আবাসিক হোটেলের অগ্নিকাণ্ডে চৌদ্দগ্রামের প্রবাসী সোহাগের মৃত্যু, আহত স্বজনসহ ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬

নয়াদিল্লির আবাসিক হোটেলের অগ্নিকাণ্ডে চৌদ্দগ্রামের প্রবাসী সোহাগের মৃত্যু, আহত স্বজনসহ ৪

মু. আলম (কুমিল্লা প্রতিনিধি) : ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণাঞ্চলের মালভিয়া নগর এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছোট বোন, ভগ্নিপতি, চাচাতো বোন ও বোনের মেয়ে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মো. নূরুল আমিন সোহাগ (৩৮) চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের মধ্যম সাঙ্গীশ্বর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুস সোবহানের জ্যেষ্ঠ ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, ভগ্নিপতির কিডনি চিকিৎসার জন্য স্বজনদের সঙ্গে তিনি ভারতে গিয়েছিলেন।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) সকালে নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার ‘ফ্লোরিশ স্টে’ যা ‘মিকাসা ইন’ নামেও পরিচিত, হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে আগুন লাগার পর তা দ্রুত ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এ সময় হোটেলে অবস্থানরত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ভেতরে আটকা পড়েন।

অগ্নিকাণ্ডে গুরুতর আহত অবস্থায় সোহাগ, তাঁর ছোট বোন, ভগ্নিপতি, চাচাতো বোন ও বোনের মেয়েকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা যান। আহত অন্যরা বর্তমানে দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহতের ভগ্নিপতি ধোড়করা বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক  বাচ্চু মিয়া বলেন, “চিকিৎসার প্রয়োজনেই তারা ভারতে অবস্থান করছিলেন। হঠাৎ এমন দুর্ঘটনায় পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়েছে।”

পরিবারের সদস্যরা জানান, সোহাগের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছানোর পর মধ্যম সাঙ্গীশ্বর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

নয়াদিল্লায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় আহত বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

এদিকে ভারতীয় কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ বা সিলিন্ডার–সংক্রান্ত কোনো ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে হোটেলটির অগ্নি-নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিভিন্ন প্রশ্নও উঠে এসেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

চৌদ্দগ্রামের স্থানীয় বাসিন্দারা নিহত সোহাগের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।